Saturday, May 23, 2009
তেইশে মে-র কবিতা
নিছক ‘শুভেচ্ছা’ এই পাওয়া
অথচ নিবিড় ছিল চাওয়া
তেইশে... সমস্ত দিন তোমার
চেয়েছি হৃদয়ে প্রেম জোয়ার
অথচ দিনের শেষে আমি
উদাসী একলা মরু- ভূমি
ভেঙেছে স্বপ্ন দেখা
জেনেছি দুঃখের পরিসীমা
গ্রীষ্ম-জাতক একা
নিরালোক বুদ্ধপূর্ণিমা !
২.
চতুর্বিংশ জন্মদিন শূন্যতার
আলোর খোঁজে খুব ব্যাকুল মন আমার -
দু’চোখ ভরা রিক্ততার জলছবি
নীরস দিন,বিরস কাজ – মূক কবি...
Tuesday, March 24, 2009
উন্মাদ রোদ্দুর
হাওয়ায় হাওয়ায় উড়ে চলে যায় অ-ভালোবাসার মেঘ
জ্যোৎস্নাজড়িত কবিতার সুরে দ্রবীভূত উদ্বেগ
রাত্রিকালীন আকাশের গায়ে তারার উত্তরীয়
বৃষ্টির খোঁজে পাখিরা প্রবাসী,আমরা কবিতাপ্রিয়
স্মৃতি উদ্বায়ী...মন জুড়ে আজ অদেখা সমুদ্দুর
ম্লান হয়ে ঝরে অশিব -কুসুম, উন্মাদ রোদ্দুর !
Saturday, November 22, 2008
উদাসীন
‘তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,
চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে...’
- গীতবিতান
১.
প্রতীক্ষায় লীন তুমি
ভেবেছ ব্যর্থ দিন ,আমি
স্রোতের মতন উদাসীন !
সহসা ভেঙেছে ভুল সুরে
হারাক বেদনামূল দূরে
থাক্ চিরদিন
কবিতায় গেঁথে রাখি গভীর হৃদয়
প্রেম অমলিন।
২.
ঠিকানা বেভুল হলো তবে?
নাকি দূরসঞ্চারে গোপন অসুখ কোনো
মেঘের অচেনা মন উদাসীনতায় ভারি
যদি হবে
ভোরের আলোর চোখে স্নায়ব বেদনা
গাঢ় কেন?
চুইংগামের মতো ক্লান্ত অপেক্ষা
আজ যেন...
Sunday, October 26, 2008
সব পথ এসে
আমার হৃদয়ে কোনো অবিশ্বাস নেই
আমি তো তোমাকে জানি!
যখনই জীবনে আসে ঝড়ের আঘাত –
আমরা ঈশ্বর মানি
সোনালি রোদের আলো;
রবীন্দ্র-প্রেমের গান শারদ মন্ত্রের মতো
আশিস জানালো...
২.
আমাদের ডেকে বলে আযোজন পথ
:‘ভালোবাসো,জয়ী হও’ –নিলাম শপথ
জমানো বেদনা হলো কবিতায় লীন
কুসুমিত সব কাঁটা, প্রেম বাধাহীন...
(ভাষানগর_পুজো ১৪১৫)
Monday, October 20, 2008
জন্মদিনের কবিতা
ইদানিং গাঢ় স্বরে কিছুই বলি না
আগামী স্বপ্ন সব সরিয়ে রেখেছি ভীরু হাতে;
আবেগ-রঙিন পথে আমরা হাঁটি না
তর্কে জটিল প্রেম , কথার অভ্যাসে দিন কাটে –
ব্যস্ত প্রহরে তবু কাজের বৃত্তে ঘুরে যাওয়া
দারুণ দহনবেলা... আমাদের সব চাওয়া-পাওয়া
কেমন শান্ত , যেন বরফ-কঠিন নিস্তব্ধতা -
প্রবল বিরোধাভাসে হারিয়েছি সেইসব কথা
যে কথা সবার নয়,তোমার-আমার চোখে লেখা...
মধ্যরাত্রে শুধু কবি ও কবিতা জাগে একা!
Thursday, August 14, 2008
বিরহের বেলা
ক্লান্তি এসে স্বপ্নে মেশে
রাত্রি হলে
হৃদয়কথা রোজই তোমায়
বলবে বলে
প্রতীক্ষাময় সকাল,বিকেল
অথচ এক ঘাতক ছুরি
অন্তঃপুরে
আমার থেকে তোমার ও’ মন
খন্ড করে
রাখছে শুধুই স্মৃতির মিশেল...
যুগল চোখে স্বপ্ন দেখা, সে রূপকথা
বসন্তে বয় হিমেল হাওয়া - স্থবিরতা!
অকরুণ
দেখা-অদেখার অন্তরালে
জমাট মেঘের পর্দা –
সহসা উত্তোলন !
তারপরে?
আমরা কিছুই পারি না,
অথবা পারি;
পারা,না পারার
মাঝখানে
হৃদয় দর্পণে জাগে
নিশ্চুপ ছায়া আর গান
কেন
‘মিলনছলে বিরহ আনো?’
