Thursday, June 7, 2012


রঙ্গিলা পাখির ডাকে       


রঙ্গিলা পাখির ডাকে আষাঢ় ঘনায়
যারা চলে যায় যেন ফিরে আসে কেউ;
হয়তো মুখের ছবি আবছা এখন
মন বলে চিনি শুধু ভুলে গেছি নাম
মেঘ-বাদলের খেলা, মৃদু অভিমান
জড়িয়ে নিয়েছে গায়ে মেদুর বিকেল
অনন্ত কথার ছায়া পড়েছে আকাশে
রাজপথে নেমে আসে তুমুল বর্ষণ –

পথে পথে ঘুরে কাটে কাজের প্রহর
রবীন্দ্র-গানের সুরে উদাসী এ-মন
সুর নয় কথা খুঁজি, কোনো এক নাম
হারানো যৌবন থেকে উঠে আসে স্মৃতি
মুঠোফোনে বাজে মৃদু রাতের রাগিণী
গানের আখরে গাঁথি সাহানায় বাণী... [দৈনিক কলম / সাহিত্য / এপ্রিল ২০১২]

Wednesday, March 31, 2010

কবিতার আলো একা

সফলতা আলো হয়ে এসে পড়ে মুখে

এখন সমস্ত প্রেম মেধার অসুখে

ল্যাপটপ স্ক্রিনে চোখ আঙুলে কীবোর্ড

গুগুলে বিশ্ব দেখি, চ্যাটরুমে রোজ –

কাউকে কি খুঁজি আমি? তেমন তো নয়

তাহলে কিসের টানে এত কথা ক্ষয়?

আসলে সমস্ত পাওয়া মেশে অবেলায়

চাওয়ার প্রহর কাটে অলীক খেলায় –

তাহলে কবিতা লেখা সেও শুধু খেলা ?

কেটেছে একেলা যত বিরহের বেলা

সে বিরহ জমে জমে স্তূপ হয়ে ওঠে

অথচ লাগে না ভার ! অসাড় স্নায়ুতে

মেধার প্রবল ঢেউ, বিদেহী ও’মন

প্রেমের কবিতা লিখে আবেগ মোক্ষণ

ঘটাতে পারিনি আমি, পথ খুঁজে ফেরা

রিসার্চ পেপার জুড়ে মেধাবী শব্দেরা

বইয়ের ভুবন থেকে আমার আঙুলে

কবিতার আলো, একা, আসে পথ ভুলে...

কবিতা বনিতা চ

।। ।।

কবিতা বনিতা হ’লে নিঃসঙ্গতা বাড়ে

তখন কবিতাই

ঘর,বাড়ি

এবং সন্তান

রাতের শয্যা জুড়ে স্বপ্নবিলাস –

কখনো স্বয়মাগতা শরীরের দাবি

উষ্ণ শব্দের মায়া তৃষ্ণা ভোলায়

।। ।।

ভেবেছি শাশ্বত ‘প্রেম’ তোমার-আমার

আমি তো হেরম্ব নই,

এই জেনে –

কিন্তু অমূল স্বপ্ন

অরণ্যে রোদন

আনন্দ কোথাও নেই কিংবা সুপ্রিয়া ...

পিছোতে পিছোতে কতদূর ?

।। ৩।।

সাজানো প্রেমের চিতা

শোকের মিছিল

স্তব্ধ

সময়, আলো

বিষণ্ণ অবসর :

‘গান নয়’

নিকষ অন্ধকারে প্রলয়ের ঢেউ গোনা...

# # #

ভালোবেসে ভুল হ’লে বাঁচি কবিতায় !

Monday, September 21, 2009

হরিণা-নিলয়

সুন্দর সাথে কাটে আজ সারাদিন
দু’এক মুহূর্ত যেন সুরভি রঙিন

হৃদয় গভীরে ঢাকা আফোটা গোলাপ
কবিতার ভালোলাগা,নেই কোনো পাপ

অস্ফুটে বলে ওঠে গোপন হৃদয় :
হরিণ জানে না তবু, ‘হরিণা-নিলয়’ !

একটি অপ্রেমের কবিতা

‘রমণী’ শব্দের পাশে প্রগাঢ় বিদ্বেষ
লিখে রাখি মাঝে মাঝে জাগে ক্ষণক্রোধ
প্রশমিত হলে ভাবি আমি কি নির্বোধ
মুছে ফেলি আলগোছে লাগে মোহাবেশ

জীবনানন্দের চোখে ধুলো,কাদা,ব্যথা
সোনার পিত্তলমূর্তি নারীরা অপ্রেম
ভুলে যায় অনায়াসে প্রতিশ্রুত কথা
নাগরিক এ জীবন রঙ্‌চটা ফ্রেম

সেই ফ্রেম তুলে এনে তরুণ প্রেমিক
আনমনে আঁকে তার আবেগ,প্রত্যাশা
সরল হৃদয়ে ভাবে তার ভালোবাসা
ছায়া নয়,কথা রাখে ধরা দেবে ঠিক

বৃথাই সে স্বপ্ন তার জীবন বাস্তব
প্রখর বাতাসে ছেঁড়ে অভুল বিশ্বাস
আহত বিস্ময়ে কাঁদে মেটে না তিয়াস
বোঝে প্রেম গূঢ় ফাঁকি মায়া-অবয়ব

তবুও কি স্বপ্ন প্রেম ফাঁকি,মায়া,মোহ?
মেধা ও আবেগ বলে প্রবল বিদ্রোহে
না,জলেরই মতন সে জীবন,নিঃশ্বাস
প্রেমেরই কবিতা লেখে পৃথিবী,আকাশ...

(উনিশ-কুড়ি-তে প্রকাশিত)

ধরে আছি ঈশ্বরের হাত

১.
ধরে আছি ঈশ্বরের হাত,তোমাকেও
অথচ শান্তি নেই
ত্রিপাদ বিন্দুর মাঝে আমরা অস্থির
প্রতিটি মুহূর্তেই
মনখারাপের ধুলো-হাওয়া
আর ঘুমভাঙা রাত
মায়ের দু’চোখে তবু আলো -

ধরে রাখি ঈশ্বরের হাত
আর তুমি?

২.
সহজে কি সব বাধা মুছে ফেলা যায়?
অমল স্বপ্নগুলো জটিল ধাঁধায়...
আনমনা হয়ে ভাবে আর কতদিন
বেদনাযাপন হলো অন্তবিহীন

তবুও তো শেষ কথা আজও বাকি থাকে-
ঈশ্বর,ঈশ্বর – ছেড়ো না আমাকে!

Saturday, May 23, 2009

বল্মীক স্তূপের থেকে

‘ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে...’
- গীতবিতান

নিয়ত আঘাত করে তোমার বিস্মৃতি
যেন তুমি অন্য কোনো নারী
ফলত বিষণ্ণ আমি!

তুলসীতলায় জ্বলা একলা প্রদীপ
আমার মায়ের গূঢ় স্নেহ
তারপর তুমি : অর্ধেক আকাশ
আমাকে নিবিড় করে জানো –

তবু অনুখন কেন
বিফল প্রতীক্ষা করো জমা
বল্মীক স্তূপের মতো ?
চাপা অভিমান

আমার এ প্রেম শুধু, অনিঃশেষ ক্ষমা...

তেইশে মে-র কবিতা

১.
নিছক ‘শুভেচ্ছা’ এই পাওয়া
অথচ নিবিড় ছিল চাওয়া

তেইশে... সমস্ত দিন তোমার
চেয়েছি হৃদয়ে প্রেম জোয়ার

অথচ দিনের শেষে আমি
উদাসী একলা মরু- ভূমি

ভেঙেছে স্বপ্ন দেখা
জেনেছি দুঃখের পরিসীমা

গ্রীষ্ম-জাতক একা
নিরালোক বুদ্ধপূর্ণিমা !

২.
চতুর্বিংশ জন্মদিন শূন্যতার
আলোর খোঁজে খুব ব্যাকুল মন আমার -
দু’চোখ ভরা রিক্ততার জলছবি
নীরস দিন,বিরস কাজ – মূক কবি...

Tuesday, March 24, 2009

উন্মাদ রোদ্দুর

হাওয়ায় হাওয়ায় উড়ে চলে যায় অ-ভালোবাসার মেঘ

জ্যোৎস্নাজড়িত কবিতার সুরে দ্রবীভূত উদ্বেগ

 

রাত্রিকালীন আকাশের গায়ে তারার উত্তরীয়

বৃষ্টির খোঁজে পাখিরা প্রবাসী,আমরা কবিতাপ্রিয়

     

স্মৃতি উদ্বায়ী...মন জুড়ে আজ অদেখা সমুদ্দুর

ম্লান হয়ে ঝরে অশিব -কুসুম, উন্মাদ রোদ্দুর !

Saturday, November 22, 2008

নিঃসময়ের কবিতা

 

‘সময় হয়নি’   

একথা বলেই

নীরব হয়েছ       তুমি

 

নির্জন তারা      

হৃদয় তখন

অনাশ্রয়িত          ভূমি

 

সেই ক্ষণে ছিল    

পরম লগন

নিঃসময়ের         শেষে

 

ভুল করে তবু

ফিরিয়ে দিয়েছ

বিষাদ-কে ভালো-  বেসে

 

কবিতাই প্রেম

প্রেমের কবিতা

এ শুধু আমার      চাওয়া

 

সেই প্রত্যয়ে

কেন এনে দাও

সাগরিক নোনা    হাওয়া !

 

 

উদাসীন

 

‘তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে,

চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে...’

                                          - গীতবিতান

১.

প্রতীক্ষায় লীন তুমি

ভেবেছ ব্যর্থ দিন ,আমি

স্রোতের মতন উদাসীন !

 

সহসা ভেঙেছে ভুল সুরে

হারাক বেদনামূল দূরে

থাক্‌ চিরদিন

কবিতায় গেঁথে রাখি গভীর হৃদয়

প্রেম অমলিন।

 

২.

ঠিকানা বেভুল হলো তবে?

নাকি দূরসঞ্চারে গোপন অসুখ কোনো

মেঘের অচেনা মন উদাসীনতায় ভারি

যদি হবে

ভোরের আলোর চোখে স্নায়ব বেদনা

গাঢ় কেন?

চুইংগামের মতো ক্লান্ত অপেক্ষা

আজ যেন...

 

Sunday, October 26, 2008

সব পথ এসে


১.

আমার হৃদয়ে কোনো অবিশ্বাস নেই

আমি তো তোমাকে জানি!

যখনই জীবনে আসে ঝড়ের আঘাত –

আমরা ঈশ্বর মানি


মায়াবী বৃষ্টির কাছে ঋণ শোধ করে

সোনালি রোদের আলো;

রবীন্দ্র-প্রেমের গান শারদ মন্ত্রের মতো

আশিস জানালো...

 

২.

আমাদের ডেকে বলে     আযোজন পথ

:‘ভালোবাসো,জয়ী হও’ –নিলাম শপথ

জমানো বেদনা হলো       কবিতায় লীন

কুসুমিত সব কাঁটা,         প্রেম বাধাহীন...


(ভাষানগর_পুজো ১৪১৫)

Monday, October 20, 2008

জন্মদিনের কবিতা

ইদানিং গাঢ় স্বরে কিছুই বলি না

আগামী স্বপ্ন সব সরিয়ে রেখেছি ভীরু হাতে;

 

আবেগ-রঙিন পথে আমরা হাঁটি না

তর্কে জটিল প্রেম , কথার অভ্যাসে দিন কাটে

 

ব্যস্ত প্রহরে তবু কাজের বৃত্তে ঘুরে যাওয়া

দারুণ দহনবেলা... আমাদের সব চাওয়া-পাওয়া

 

কেমন শান্ত , যেন বরফ-কঠিন নিস্তব্ধতা -

প্রবল বিরোধাভাসে হারিয়েছি সেইসব কথা

 

যে কথা সবার নয়,তোমার-আমার চোখে লেখা...

মধ্যরাত্রে শুধু কবি ও কবিতা জাগে একা!                     

Thursday, August 14, 2008

বিরহের বেলা

সেই কথাটি

ক্লান্তি এসে স্বপ্নে মেশে
রাত্রি হলে
হৃদয়কথা রোজই তোমায়
বলবে বলে
প্রতীক্ষাময় সকাল,বিকেল

অথচ এক ঘাতক ছুরি 
অন্তঃপুরে
আমার থেকে তোমার ও’ মন
খন্ড করে
রাখছে শুধুই স্মৃতির মিশেল...

যুগল চোখে স্বপ্ন দেখা, সে রূপকথা
বসন্তে বয় হিমেল হাওয়া - স্থবিরতা!


অকরুণ

দেখা-অদেখার অন্তরালে
জমাট মেঘের পর্দা –
সহসা উত্তোলন !
তারপরে?

আমরা কিছুই পারি না,
অথবা পারি;
পারা,না পারার
মাঝখানে
হৃদয় দর্পণে জাগে
নিশ্চুপ ছায়া আর গান
কেন
‘মিলনছলে বিরহ আনো?’

Monday, July 21, 2008

প্রত্যাশা-জল

ঝেড়ে ফেলে দিই প্রত্যাশা-জল পাখির ডানার মত
নইলে শুকাবে রোদে-ঝড়ে-তাপে হেলায় বাষ্পীভূত!

মুছে নিতে হয় স্নেহালু আবেগ,বেদনায় হত স্বপ্ন
ভাবি প্রেম দিয়ে নারীকে বানাবো আমার রমণী-রত্ন -

রমণীর মন,সে অতি ভীষণ অতলে গভীর কুয়াশা
তার চেয়ে সোজা জ্ঞানান্বেষণ - দূরে রাখি সেই দুরাশা

আশা যদি দূরে,তাহলে কী করে বেঁচে থাকি বলো আঁধারে?
অপরূপ ভোরে অনাবৃত করি বিষাদ-বিনাশী ভাষাদের...

Sunday, June 29, 2008

ও আমার আগুন

নায়ক হওয়ার জন্য আজ লিখিনি কবিতা
বিশেষত তোমার কাছে বলার যত কথা

বলেছি সব ঋতবাচন,রূপক-আড়াল ফেলে
হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে তাইতো কাছে এলে

নিবিড় হয়ে যুগল চোখে যেসব স্বপ্ন লেখা
কিছু তোমার কিছু আমার পারস্পরিক শেখা

কবির লড়াই শুরু হলে ভাবি অহঙ্কারে
বিনয় করে কাঙালপনা সয়না একেবারে

আগুনটানে পিপীলিকাই আত্মাহূতি করে
ফিনিক্স পাখি অগ্নিস্নানে বারংবার মরে

এবং বাঁচে, মরণজয়ী মন্ত্র জানি তার-ই
তুমি আমার আগুন :আমার আগুনরূপা নারী!

শব্দের চাবি

এখন হৃদয় রূপকথাহীন মেঘলা
নির্জনতাও বিস্বাদ লাগে একলা...

বিনিদ্র রাতে বৃষ্টিকে ডাকি,শুনে যা
হারিয়ে ফেলেছি আমার প্রেমের দরোজা

ম্লান হেসে বলে,রাত্রি শেষের জ্যোৎস্না
ভালোবেসে আর সুখের খবর পাস্‌ না?

প্রেরণাবিরল রোদনভরা এ বরষা
শব্দের চাবি কলমেই খুঁজি ভরসা! (অমৃতলোক / বইমেলা ২০০৫)

Thursday, March 20, 2008

যুগনদ্ধ

চৈতালি হাওয়া লেগে ঝরে পড়ে কথা
গোপনে কুড়িয়ে রাখি,লিখি কবিতায়...

কবিতা কলমই লেখে প্রেয়সী আমার
মনের দু'চোখে তৃষা,দাহ অনিবার--

দাহ তো আগুনে জানি,ভালোবাসা আলো
সেও তো অনেকরঙা,লাল-শাদা-কালো

কালো নাকি শোকলীন,অশুভ-বিচ্ছেদ?
শ্যাম- গোরী যুগলের হৃদয় অভেদ!

Tuesday, March 18, 2008

রোদের গভীরে মেঘ
মেঘের গভীরে আলো
ট্রেনের তুমুল ভিড়ে
বৃষ্টি নেমে এলো
স্মৃতির গভীরে তাপ
ধূসর,কঠিন
দিন কাটে রাত যায় আমি গতিহীন...(দিনলিপি / কবিতাসীমান্ত /শারদ ২০০২)

হৃদয়ের কথা...

আমার কবিতাকে আমারি অভিমুখে তুমি
ফিরিয়ে দিয়েছিলে অমল কৌশলে কবে
জলের গহনায় সেজেছে দেখো তৃণভূমি
হৃদয়ে মুঠো মুঠো গোলাপ ফুটে ওঠো তবে...

তোমাকে ভালোবেসে মেধার ব্লেড থেকে ঝরে
কথার জলধারা গভীর প্রাণ থেকে প্রাণে,
স্মৃতির শূ্ন্যতা তোমারি চোখে ধরা পড়ে
জ্যোৎস্না রাত্রিই আমার সব কথা জানে

জানে কী রাত্রিও একাকী চাঁদ মেঘ মাখে
মাধবী পূর্ণিমা আকাশে মন খুলে দিও
ভোরের আলো ওই আমাকে মৃদু হেসে ডাকে
বৃষ্টি থামা প্রাতে প্রেমের ভাষা পড়ে নিও । (মেধাবী ব্লেডের ভাষা / কৃত্তিবাস মে ২০০৪/পুরস্কৃত কবিতা)